লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ১২:৪৫ পিএম

লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর মালিকানাধীন একটি টেলিভিশন নেটওয়ার্কের একজন লেবানিজ সাংবাদিকও রয়েছেন।

হিজবুল্লাহ-সমর্থিত আল মানার টেলিভিশন জানিয়েছে, তাদের সাংবাদিক আলী শুয়াইব যে গাড়িতে ছিলেন, সেটিকে লক্ষ্য করে চালানো এক ইসরাইলি হামলায় তিনি নিহত হন।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী শুয়াইবকে ‘একজন সন্ত্রাসী’ হিসেবে অভিযুক্ত করেছে। তাদের দাবি, তিনি সাংবাদিকের ছদ্মবেশে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের অবস্থান ফাঁস করছিলেন।

তবে, তার মৃত্যুর খবর প্রকাশ করে আল মানার শুয়াইবকে প্রতিরোধ গণমাধ্যমের একজন আইকন হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, তারা এই হামলার তদন্ত করছে। সংস্থাটি বলেছে,  ‘সাংবাদিকরা বৈধ লক্ষ্যবস্তু নন, তারা যে প্রতিষ্ঠানেই কাজ করুন না কেন।’

সিপিজে আরও উল্লেখ করেছে, ‘এই যুদ্ধে এবং এর আগের দশকগুলোতে আমরা একটি উদ্বেগজনক প্রবণতা দেখেছি, যেখানে ইসরাইল কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সাংবাদিকদের সক্রিয় যোদ্ধা ও সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করছে।’

এছাড়া, ইরান ও হিজবুল্লাহপন্থি আল মায়াদিন চ্যানেল জানিয়েছে, ইসরাইলি হামলায় ভাইবোন ফাতিমা ও মোহাম্মদ ফতুনি নামের আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন।

লেবাননের প্রেসিডেন্ট এই হামলাকে একটি “জঘন্য অপরাধ” বলে অভিহিত করেছেন। সূত্র: সিএনএন

Link copied!