রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, ‘আমি মনে করি, বেশির ভাগ মানুষ আমার সঙ্গে একমত পোষণ করবেন। মধ্যপ্রাচ্যে মার্কিন রাজনীতির ব্যর্থতার পরিষ্কার উদাহরণ হচ্ছে এই সংঘাত।’
মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে বৈঠককালে পুতিন এ মন্তব্য করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, `দুর্ভাগ্যবশত তারা (মার্কিন প্রশাসন) উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতা খুঁজে বের করার বিষয়ে উদ্বিগ্ন না। বরং তারা উভয় পক্ষের ওপর নিজেদের ধারণা চাপিয়ে দিতে চাইছে।`
এ সংকটের সমাধানের জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজন বলেও ভাষণে উল্লেখ করেন পুতিন। এসময় বেসামরিক জনসংখ্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।
হামাসের হামলায় গত তিন দিনে অন্তত এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি।