অবশেষে পদত্যাগ করলেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৯:১৭ পিএম

অবশেষে পদত্যাগ করলেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া

প্রচণ্ড বিক্ষোভের মুখে দেশ থেকে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে অবশেষে পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার মালদ্বীপ থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর পৌঁছানোর গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেন।

লঙ্কান সরকারের দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গোতাবায়া পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে গোতাবায়া সিঙ্গাপুর অবতরণের পর এটি পাঠিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া ইমেইল হিসেবে পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তাও অস্পষ্ট রয়ে গেছে।

শ্রীলংকান পার্লামেন্টের স্পিকার রাজাপক্ষের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়। শ্রীলংকান প্রেসিডেন্টের পদত্যাগের খবর পাওয়ার পর রাজধানী  কলম্বোতে বিক্ষোভকারীরা আতশবাজি পুড়িয়ে উদযাপন করছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন, প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিক্ষোভকারীরা সরে যাওয়ার ঘোষণার দিনই গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগি করলেন।

এদিকে, সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইটসটাইমস জানিয়েছে, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ১৭ মিনিটে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান গোতাবায়া রাজাপক্ষে।  স্থানীয় সময় রাত ৮টার দিকে একটি গাড়িবহরে করে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান। তবে তিনি সিঙ্গাপুরে কতদিন থাকবেন তা জানা যায়নি।

অপরদিকে, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে গোতাবায়াকে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘তিনি আশ্রয় চাননি এবং তাকে আশ্রয়ের অনুমোদনও দেওয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত কোনো আশ্রয়ের আবেদন অনুমোদন করে না।’

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। তবে সেখানেও তার দেশত্যাগের দাবিতে স্থানীয় জনগণ ও প্রবাসী শ্রীলংকানরা বিক্ষোভ শুরু করেন। ফলশ্রুতিতে বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরে পৌঁছান। অন্য একটি সূত্র বলছে, গোতাবায়া রাজাপক্ষে সিংগাপুর থেকে সৌদি আরবের জেদ্দা চলে যাওয়ার পরিকল্পনা করছেন। 

Link copied!