সেপ্টেম্বর ৭, ২০২২, ১২:৪৫ পিএম
মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এবারই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠক মিন অং হ্লাইংয়ের।
মিয়ানমারের সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলেছে, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোরদারে রাশিয়া সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মিন অং হ্লাইং। বৈঠকে দুই দেশের অর্থনীতি ও সরকারের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
চীন, ভারত, জাপানসহ বেশ কিছু দেশের প্রতিনিধিরাও ইস্টার্ন ইকনোমিক ফোরামের এই সম্মেলনে অংশ নিয়েছেন।
গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর সেনাপ্রধান মিন অং হ্লাইং ক্ষমতা দখল করেন। তখন থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। এসব দেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কেও অবনতি ঘটেছে। এমন এক পরিস্থিতিতে চাপের মুখে থাকা সেনাপ্রধান রাশিয়া সফরে গেছেন।
আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘আমাদের সম্পর্ক ইতিবাচকভাবে উন্নীত হচ্ছে’। মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর পুতিন হলেন দ্বিতীয় বিদেশি নেতা যিনি মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন।