অস্ত্র আইন কঠোর করার দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২২, ০৪:২৯ পিএম

অস্ত্র আইন কঠোর করার দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

অস্ত্র আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার বেসামরিক নাগরিক বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভে অংশ নিয়ে মার্কিন নাগরিকরা বলছেন, “কারো নির্বিচার গুলির শিকার হতে চান না তারা।”

গান সেফটি গ্রুপের একটি দল জানিয়েছে, রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস এঞ্জেলেস এবং শিকাগোসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে অস্ত্র আইন নিয়ন্ত্রণ সংশোধনের দাবিতে মোট ৪৫০টি র‌্যালী অনুষ্ঠিত হবে।

গত ১ মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, টেক্সাসসহ কয়েকটি শহরে প্রায় একই রকম কয়েকটি এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়। এর মধ্যে টেক্সাস ও নিউইয়র্কে ১৮ বছরের দুই তরুণের পৃথক দুই হামলার ঘটনা সারাবিশ্বে আলোড়ন তোলে। ২৪ মে টেক্সাসের একটি স্কুলে তরুণের গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। এর আগে ১৪ মে নিউইয়র্কের একটি শপিংমলে ১৮ বছরের অন্য এক তরুণের গুলিতে ১০ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলো কৃষ্ণাঙ্গ। এরপর থেকেই যে-কারো হাতে যেন অস্ত্র তুলে দেওয়া না হয়, সেজন্য অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি জোরালো হয়।

যুক্তরাষ্ট্রজুড়ে চলা এ বিক্ষোভে সমর্থন দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে মার্কিন কংগ্রেসের প্রতি আহবান জানান বাইডেন। এসব ক্ষেত্রে বরাবরই কংগ্রেসে একপক্ষের আনা সংশোধনী প্রস্তাবগুলো অন্যপক্ষের ভোটেতে বাতিল হয়। জো বাইডেন ডেমোক্রেটদের নেতা হওয়ায় কংগ্রেসে অস্ত্র আইনের সংশোধনী প্রস্তাব উঠলে বিরোধী রিপাবলিকান শিবিরের ভেটোতে সংশোধনী প্রস্তাবটি বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!