সৌদি আরবে আজ শুক্রবার শুরু হজের আনুষ্ঠানিকতা। আরাফাত মাঠ কানায় কানায় পরিপূর্ণ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা’ অর্থাৎ হাজির, হে আল্লাহ! আমি হাজির, আপনার কোনও শরিক নেই, আপনার মহান দরবারে হাজির, নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত এবং সব রাজত্ব আপনারই; আপনার কোনও শরিক নেই- এ তালবিয়া পাঠ করতে করতে লাখ লাখ হাজি শুক্রবার (৯ জিলহজ) আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। আবেগে কম্পিত হৃদয়ে হজের দ্বিতীয় রুকন আদায় করবেন তারা।
বৃহস্পতিবার তাবুর শহর বলে পরিচিত ঐতিহাসিক মিনায় অবস্থান করেছিলেন প্রায় ১০ লাখ হাজি। সেখানে তারা জোহর, আসর, মাগরিব ও ফজরের নামাজ আদায় করেছেন। এরপরই হজের দ্বিতীয় প্রধান রুকন আদায়ের জন্য আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করেন। মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ।
জিলহজ মাসের প্রথম ১০ দিন হলো পুরো ইসলামী বছরের শ্রেষ্ঠ দিন। রাসুল (সাঃ) বলেছেন, 'জিলহজের এই (প্রথম) দশদিনের চেয়ে মহান এবং আল্লাহর কাছে প্রিয় আর কোনো দিন নেই।'
হজের নিয়ম অনুযায়ি, ৯ জিলহজ বা ৮ জুলাই তীর্থযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন। এখানে তারা জুহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সারা দিন দু'আ করে কাটাবেন। তারা কিবলামুখী হয়ে সূর্যাস্ত পর্যন্ত দাঁড়িয়ে তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এ দিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন।
জোহরের নামাজের আগে আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বরে দাঁড়িয়ে হাজিদের উদ্দেশে হজের খুতবা দেওয়া হয়। এই খুতবায় আল্লাহভীতি ও মুসলিম উম্মাহর ঐক্যের ব্যাপারে কথা বলা হয়।
আজ শুক্রবার হওয়ায় জুমার নামাজের আগে দেওয়া হবে এই খুতবা। নিয়ম অনুযায়ী, আরবিতে দেওয়া হয় এই খুতবা। এবার বাংলা ছাড়া আরও ১৩টি ভাষায় হজের খুতবা সম্প্রচার করা হবে।
হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি থেকে জানা যায়, শুক্রবার আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। সৌদি আরবের স্থানীয় সময় আগামী ৯ জিলহজ (বাংলাদেশ সময় আগামী শুক্রবার) এ খুতবা দেওয়ার পাশাপাশি মসজিদে নামিরাতে নামাজেরও ইমামতি করবেন।
গত বছরের মতো এবারও হজের আরবি খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় শোনা যাবে। হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে দুই বাংলাদেশি মনোনীত হয়েছেন। তাঁরা হলেন—মোহাম্মদ শোয়াইব রশীদ ও তাঁর সহকারী খলিলুর রহমান।
প্রসঙ্গত, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসাকে নিযুক্ত করেন।
শায়খ ড. আল ঈসা একজন সৌদি রাজনীতিক এবং দেশটির সাবেক বিচারমন্ত্রী। বর্তমানে তিনি রাবেতা আল আলম আল ইসলামির সেক্রেটারি জেনারেল ও ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অরগানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।