ডিসেম্বর ১২, ২০২২, ০৯:৪১ এএম
আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গুলি ও কামানের গোলাবর্ষণে সীমান্তের ওপারে পাকিস্তানে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান বাহিনীর গোলায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ পাকিস্তানি।
দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের সেনারা রবিবারের এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী।
আফগানিস্তানের সীমান্তের প্রদেশ কান্দাহারের কর্মকর্তা নুর আহমদ রয়টার্সকে বলেছেন, গোলাগুলির এ ঘটনা আকস্মিক ঘটেছে এবং উভয় পক্ষের বৈঠকের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনিও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আফগান সীমান্তরক্ষী বাহিনী বিনা প্ররোচনায় বেসামরিক জনগণের ওপর নির্বিচারে কামান ও মর্টারের ভারি গোলা বর্ষণ করেছে।
আফগান নিরাপত্তাবিষয়ক সূত্র জানিয়েছে, পাকিস্তানি বাহিনী, আফগান বাহিনীকে সীমান্তের পাশে একটি নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধ করার দাবি করার পর সংঘর্ষ শুরু হয় দু’পক্ষের।