আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির ভার্জিনিয়ায় ওয়ালমার্টের সুপারশপে এক বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে অঙ্গরাজ্যটির চেসাপিক শহরে এক বন্দুকধারী মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি সুপারশপে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গোলাগুলির এই ঘটনায় বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।
চেসাপিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা ভিতরে ঢোকার পরেই দেখি অনেকগুলো দেহ পড়ে আছে। কেউ মারা গেছেন। কেউ আহত।’
বন্দুকধারী একজনই ছিল বলে ওই কর্মকর্তার ধারণা।
এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় চেসাপিক সিটি জানিয়েছে, ‘শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলি ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে চেসাপিক পুলিশ। অভিযুক্ত বন্দুকধারী মারা গেছে।’
পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, অভিযুক্ত বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী ওই স্টোরের কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা তদন্তকারীরা জানেন না। এছাড়া এই ঘটনায় পুলিশ অফিসাররা কোনো গুলি চালাননি বলেও জানান তিনি।