যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। ইউক্রেনের সীমান্তবর্তী শহর উঝহোরোদের একটি স্কুলে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে দেখা করেছেন তিনি। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এবারই প্রথম জেলেনস্কাকে জনসমক্ষে দেখা গেল।
যে স্কুলে জেলেনস্কা ও জিল দেখা করেছেন, সেটিকে বর্তমানে বাস্তুচ্যুত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই দুই ফার্স্ট লেডি স্কুলে বসবাসরত কিছু শিশুর সঙ্গে খেলা করেছেন। টিস্যু পেপার দিয়ে ভালুক বানান তাঁরা। এই ভালুক স্থানীয় ঐতিহ্যের প্রতীক।
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের পাশে আছে। ইউক্রেনে চলমান রুশ হামলাকে নৃশংস উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জিল। জেলেনস্কা বলেন, যুদ্ধের মধ্যে ইউক্রেন সফর একটি ‘সাহসী পদক্ষেপ’। তিনি মনে করেন, মা দিবসে ইউক্রেন সফর করাটা খুব প্রতীকী। জিলের উদ্দেশে জেলেনস্কা বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ একটি দিনে আমরা আপনার ভালোবাসা ও সমর্থন অনুভব করতে পারছি।’
এদিকে ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জি–সেভেন নেতারা ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভিডিও কলে কথা বলার পর এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এর আওতায় রাশিয়া ও বেলারুশের ২ হাজার ৬০০ নাগরিকের ভিসা নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার তিনটি টিভি স্টেশন ও গাজপ্রম ব্যাংকের নির্বাহীদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।
ইতিমধ্যে জি–সেভেন নেতারা বলেছেন, রাশিয়ার তেল নিষিদ্ধ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, গাজপ্রম ব্যাংকের ২৭ নির্বাহী নতুন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছেন। তবে প্রতিষ্ঠানটির কোনো সম্পদ জব্দ করা হবে না এবং এর সঙ্গে লেনদেনও অব্যাহত থাকবে।