ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের ঘোষণা দিল ন্যাটো

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২২, ০৯:০৭ এএম

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের ঘোষণা দিল ন্যাটো

ইউক্রেনের ন্যাটো-নেতৃত্বাধীন মিত্র দেশগুলো কিয়েভে উন্নত বিমান প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এই ঘোষণা দিলো ইউক্রেনের ন্যাটো মিত্ররা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ইউক্রেনের ৫০টি দেশের মিত্ররােএকটি বৈঠকে মিলিত হয়। আর সেখানেই রুশ আগ্রাসন মোকাবিলার জন্য অস্ত্র সহায়তার এই অঙ্গীকার করা হয়। কিয়েভ এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।

গতকাল বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে বৈঠকের পর যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস এ প্রতিশ্রুতি দেয়। সম্ভাব্য অস্ত্রের মধ্যে ক্ষেপণাস্ত্র ও রাডার আছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার একই প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী গত মঙ্গলবার জার্মান সরকার ইউক্রেনে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার নির্বিচার হামলা ঠেকাতে এ সহায়তা দেওয়া হবে। এসব অস্ত্র ইউক্রেনের আকাশকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করবে।

নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী কাইসা ওলোঙ্গে বলেছেন, শুধু ইউক্রেন ও এর জনগণের জন্য নিরলস সমর্থন দিয়েই তাঁদের প্রত্যাশা পূরণ করা যেতে পারে।

Link copied!