ইউক্রেনে আবারও মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০৮:০০ পিএম

ইউক্রেনে আবারও মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী

সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির ১০টি অঞ্চলে ভয়াবহ মিসাইল হামলা চালানোর মঙ্গলবার আবারও হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসি ও সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ভেরিফাইড ফেসবুক বার্তায় ইউক্রেনের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার সকালে  রাজধানী কিয়েভ ও লভিভে উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল হামলা অব্যাহত রেখেছে রাশিয়ার সেনাবাহিনী।  

জেলেনস্কি প্রশাসন জানায়, সকাল ৭টার দিকে রাশিয়ার দুটি বিমান থেকে মিসাইলগুলো ছোড়া হয়েছে।তবে  চারটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে তারা।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সকালে হামলার আগাম সতর্কতা সংকেত (সাইরেন) বেজে ওঠে। টেলিগ্রামে একটি পোস্টে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। 

কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, একটি বিভাগে একটি মিসাইল ভূপাতিত করা হয়েছে। কামেলতোনস্কি বিভাগের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি বলেছেন, কামেলতোনস্কিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভিনিস্তিয়া অঞ্চলের গভর্নর সের্গেই বোরজোভ টেলিগ্রামে বলেছেন,  তাদের অঞ্চলেও মিসাইল আঘাত হেনেছে।

এর আগে, সোমবার ইউক্রেনজুড়ে সিরিজ মিসাইল হামলা চালায় রুশ সেনারা। সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবারের হামলায় ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। লভিভের গভর্নর জানিয়েছেন মঙ্গলবার জ্বালানি অবকাঠামোর ওপর রুশ বাহিনীর মিসাইল হামলায় সেখানকার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। 

Link copied!