ইউক্রেনে রুশ স্থলসেনাদের এক-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছে: যুক্তরাজ্যের দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২২, ১১:২৫ এএম

ইউক্রেনে রুশ স্থলসেনাদের এক-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছে: যুক্তরাজ্যের দাবি

ইউক্রেনে এক-তৃতীয়াংশ স্থলসেনা হারিয়েছে রাশিয়া। এ ছাড়া দনবাস অঞ্চলে রুশ বাহিনী যে হামলা চালাচ্ছে, তাতে রাশিয়া অবস্থান হারিয়েছে। আর সেখানে যে সময়ের মধ্যে জয়ের পরিকল্পনা ছিল, তা থেকেও অনেকটাই পিছিয়ে। গতকাল রবিবার যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা এসব দাবি করেন। 

টুইটারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘শুরুর দিকে ছোট ছোট অগ্রগতি সত্ত্বেও রাশিয়া গত এক মাসে আঞ্চলিক নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। এই সময়ে ধারাবাহিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ বাহিনীর। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে পাঠানো রাশিয়ার স্থলসেনাদের এক-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছে।’ গোয়েন্দা সূত্রের বরাতে এসব দাবি করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আগামী এক মাসে নাটকীয়ভাবে এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে হয় না।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে স্থল অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে কিয়েভ থেকে পিছু হটে পূর্ব ও দক্ষিণে হামলা জোরদার করে। তবে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাদের তাড়িয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেন। 

Link copied!