সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট ছবির ভিত্তিতে ইউক্রেনের মারিউপোলের কাছে ২০০টি গণকবর চিহ্নিত করা হয়েছে। স্যাটেলাইট ইমেজ প্রদানকারী ম্যাক্সার টেকনোলজিস এ ছবিগুলো প্রকাশ করে। স্থানীয় কর্মকর্তারা রাশিয়াকে অভিযুক্ত করে বলেছে, বন্দর শহর অবরোধে সংঘটিত মৃত্যু লুকানোর জন্য গণকবরে প্রায় ৯ হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের কবর দেয়া হয়েছে। চিত্রগুলোতে মারিউপুলের মানহুশ শহরের একটি কবরস্থান থেকে দূরে প্রসারিত কবরের দীর্ঘ সারি দেখা গেছে।
কয়েক সপ্তাহের বোমাবর্ষণ এবং লড়াইয়ের পর রাশিয়ার সেনারা শহরের বেশিরভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে কিছু ইউক্রেনীয় বাহিনী শহরের একটি বিশাল ইস্পাতের কারখানায় রয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারখানাটিতে হামলা না করে সেনাদের তা সম্পূর্ণ অবরুদ্ধ করে দিতে বলেছেন যাতে ‘একটি মাছিও বের হতে না পারে’। খাদ্য ও অস্ত্রসহ রসদ ফুরিয়ে আসা সেনাদের আত্মসমর্পণে বাধ্য করতেই তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।