ডিসেম্বর ১৭, ২০২২, ০৭:০০ পিএম
কিয়েভের সামরিক প্রশাসনের মুখপাত্র মিখাইলো শামানভ দাবি করেছেন, কিয়েভে রুশ সেনাবাহিনীর নিক্ষেপ করা ৪০ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৭টিই ভূপাতিত করা হয়েছে। কিয়েভ এলাকায় এসব রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সমর্থ হয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী।
নতুন বছরের প্রাক্কালে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্কবার্তা দেন। তারপর শুক্রবার দেশটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।
চলতি বছরের অক্টোবরের শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কয়েকটি স্থানে পিছিয়ে পড়ার এমন হামলা শুরু করে রাশিয়া।
মস্কো বলছে, তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে এমন হামলা চালাচ্ছে। আর ইউক্রেন বলছে, এমন হামলার মাধ্যমে রাশিয়া যুদ্ধাপরাধ করছে।
প্রায় ১০ মাস ধরে চলমান যুদ্ধে দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। রণক্ষেত্রে যুদ্ধ নির্মমতায় গড়াচ্ছে। তবে উভয় পক্ষের সেনারা হতাহতের শিকার হলেও কোনো পক্ষই হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।
সূত্র: আল জাজিরা।