ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলো রাশিয়ায় যোগদান করবে কিনা তা নিয়ে তথাকথিত ‘গণভোট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হবে।
বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞদের ধারণা, এই গণভোট উল্লেখিত প্রদেশগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার প্রক্রিয়ার অংশ। ইউক্রেন ও দেশটির মিত্ররা পরিষ্কার করেছেন, তারা গণভোটের ফল মেনে নেবেন না।
খবরে বলা হয়েছে, ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও ঝাপোরিঝঝিয়া প্রদেশের অন্তর্ভুক্ত। শুক্রবার থেকে মঙ্গলবার (২৩ থেকে ২৭ সেপ্টেম্বর) পর্যন্ত এ এলাকাগুলোতে গণভোট অনুষ্ঠিত হবে।
এর আগে ক্রিমিয়া দখল করেছিল রুশ বাহিনী। ২০১৪ সালে সেখানে গণভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ব্যাপক কারচুপির ঘটনা আন্তর্জাতিকভাবে সমালোচিত। ওই ভোটে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার অন্তর্ভুক্তিতে ৯৭ শতাংশ ভোট পড়েছিল।
প্রতিবেদনে আরও জানা গেছে, কর্তৃপক্ষ প্রথম ৪ দিন ভোটারদের দরজায় দরজায় যেয়ে ভোট সংগ্রহ করবে। শুধুমাত্র শেষদিন ভোটকেন্দ্রগুলো খোলা থাকবে।