ইমরান খানকে তোলা হয়েছে বিশেষ আদালতে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০৪:৩৪ পিএম

ইমরান খানকে তোলা হয়েছে বিশেষ আদালতে

গ্রেফতারের একদিন পরই দুর্নীতি মামলায় আদালতের কাঠগড়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। 

বুধবার (১০ মে) ইসলামাবাদ পুলিশ সদর দপ্তরের ভেতর পুলিশ লাইন গেস্ট হাউজে বসানো ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) বিশেষ আদালতে তোলা হয়েছে তাঁকে।

রাতে এক বিবৃতিতে দেশটির চিফ কমিশনার ইসলামাবাদ কপিটল টেরিটোরি কর্তৃপক্ষ জানায়, ইমরান খানের শুনানি পুলিশ সদরদপ্তরের গেস্ট হাউজে নির্ধারিত করা হয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের করা তোশাখানা মামলার শুনানিতে অংশ নিতে ইমরান খানকে পুলিশ লাইনস গেস্ট হাউজে আনা হয়।

ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী অভিযোগ করেন, ইমরান খানের কোটি সমর্থকদের দূরে রাখতেই এমন বিশেষ আদালতে তাঁর শুনানির ব্যবস্থা করা হয়েছে। আর ইমরান খানের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন এ আইনজীবী।

এদিকে বুধবার পিটিআই ভাইস চেয়ারম্যান আসাদ উমরকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ বাহিনী 'অ্যান্টি টেরোরিজম স্কোয়াড'। এদিন ইসলামাবাদ হাইকোর্টের আইএইচসি বার অ্যাসোসিয়েশনের অফিসের বাইরে ইমরানের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিলেন আসাদ উমর। দেখা করার জন্য তিনি আবেদনও করেছিলেন। ঠিক সেসময় তাঁকে গ্রেফতার করা হয়।

এদিকে ইমরানের দল পিটিআইয়ের হাজারো নেতাকর্মী-সমর্থকরা বুধবার সকাল থেকেই পুলিশ সদরদপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন। তাদের সামাল দিতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় সেখানে। সেই সঙ্গে সর্মথকদের ঠেকাতে কনটেইনার দিয়ে বেরিকেড স্থাপন করা হয়।  

এর আগে, ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। একই সঙ্গে গ্রেপ্তারের কয়েক দিন আগে ইমরান খানের ঘোষিত দেশব্যাপী জনসভার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানায় পিটিআই।

সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় সহিংস বিক্ষোভের মধ্যে পাঞ্জাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি মোবাইল ইন্টারনেট সীমিত করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে এখন পর্যন্ত ৯৪৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

Link copied!