ইমরানের লংমার্চ ঠেকাতে ৪১০ মিলিয়ন রুপি খরচ করবেন শেহবাজ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০৩:০১ পিএম

ইমরানের লংমার্চ ঠেকাতে ৪১০ মিলিয়ন রুপি খরচ করবেন শেহবাজ

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লংমার্চের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। তবে এই কর্মসূচির চূড়ান্ত তারিখ এখনো ঘোষিত হয়নি।

দিনক্ষণ নির্ধারিত না হলেও লংমার্চে অংশগ্রহণকারীদের কঠোরভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বর্তমান সরকার। এর জন্য ৪১০ মিলিয়ন রুপির একটি প্রাথমিক বাজেটও অনুমোদন করেছে শেহবাজ শরিফের সরকার। মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চে অংশগ্রহণকারীদের কঠোর হস্তে মোকাবিলা করার জন্য ৪১০ মিলিয়ন বা ৪১ কোটির রুপিরও বেশি অর্থের প্রাথমিক বাজেট অনুমোদন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। গতকাল সোমবার দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) এই বাজেট অনুমোদন করে।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পিটিআইয়ের লংমার্চ মোকাবিলা করার জন্য তহবিল বরাদ্দ চেয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো দুটি পৃথক সারাংশ গ্রহণ করেছে ইসিসি। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ‘আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্যয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে ৪১০.২ মিলিয়ন রুপির একটি সম্পূরক অনুদান অনুমোদন করেছে ইসিসি।’

মূলত সরকারবিরোধী বিক্ষোভকারীদের মোকাবিলায় প্রস্তুতির জন্য আনুমানিক খরচ হিসেবে ৪১০.২ মিলিয়ন রুপি অনুমোদন করা হয়েছে। যার মধ্যে ৩০ হাজার সদস্যের শক্তিশালী বাহিনী মোতায়েন, তাদের খাবার, পরিবহন, দাঙ্গা-বিরোধী নানা সরঞ্জাম সরবরাহ এবং বিক্ষোভকারীদের ওপর নজরদারির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবারের বৈঠকে ইসিসিকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য বাইরের জেলা থেকে আইন প্রয়োগকারী সংস্থার ৩০ হাজার কর্মীকে নিয়োজিত করার কথা বলা হয়েছে।

এছাড়া যানবাহন ও কন্টেইনার ভাড়ার জন্য ২৫৯ মিলিয়ন রুপি, (আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের) খাবারের জন্য ৩৫ মিলিয়ন রুপি, জ্বালানি খরচের জন্য ৩১.২ মিলিয়ন রুপি এবং দাঙ্গা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের জন্য ১৮ মিলিয়ন রুপি অনুমোদন করেছে ইসিসি।

একইসঙ্গে নিরাপত্তা কর্মীদের পাঁচ দিনের জন্য বাসস্থানের ব্যবস্থা করার জন্য ২.৫ মিলিয়ন রুপি এবং নিরাপত্তা ক্যামেরাসহ এ সম্পর্কিত অন্যান্য সরঞ্জাম ক্রয় ও স্থাপনের জন্য আরও ৬৪.৪ মিলিয়ন রুপি মঞ্জুর করা হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাকিস্তানের বিভিন্ন শহর থেকে ইসলামাবাদের দিকে লংমার্চের আকারে প্রতিবাদ-বিক্ষোভের ঘোষণা দিয়েছে পিটিআই। যদিও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এখনো লংমার্চের চূড়ান্ত তারিখ দেননি তবে তার দলের কর্মীদের এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে ইমরান খানের লংমার্চ ঠেকাতে সেনাবাহিনী ডাকার এবং রাজধানী শহরে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের ফেডারেল সরকার। মূলত পিটিআই প্রধান ইমরান খান সমাবেশের ডাক দিলে ইসলামাবাদে সেনা মোতায়েন করবে শেহবাজের সরকার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, কোনো অবস্থাতেই পিটিআইকে ইসলামাবাদে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

Link copied!