ঋণখেলাপি হয়ে দেউলিয়া হওয়ার পথে ৫৪টি দেশ: ইউএনডিপি প্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২২, ১১:৩৮ এএম

ঋণখেলাপি হয়ে দেউলিয়া হওয়ার পথে ৫৪টি দেশ: ইউএনডিপি প্রধান

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের ৫০টিরও বেশি উন্নয়নশীল দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে আছে যার মারাত্মক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিসরে কপ-২৭ জলবায়ু সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইউএনডিপি প্রধান বলেন, 'আমাদের তালিকায় এখন ৫৪টি দেশ রয়েছে যেগুলো ঋণ খেলাপির ঝুঁকিতে পড়তে পারে। যদি আমরা আরও ধাক্কা খাই, সুদের হার বাড়ে, ঋণ গ্রহণ আরও ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির মূল্য, খাদ্যের মূল্য বাড়ে তাহলে আমরা দেখব এ দেশগুলো আর ঋণ পরিশোধ করতে পারছে না।'

তিনি বলেন, যদি উন্নত বিশ্বের দেশগুলো সহায়তা না করে তাহলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদ হার এমন পরিস্থিতির সৃষ্টি করছে যেখানে বেশ কয়েকটি দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে পড়েছে। যার মারাত্মক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।

তিনি আরও বলেন, 'এটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে- শ্রীলঙ্কার দিকে তাকান। যেটি এখন নিজের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে চলছে।'

কপ-২৭ জলবায়ু সম্মেলনে জাতিসংঘের এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘ঋণ খেলাপির ঝুঁকির বিষয়টি জলবায়ু মোকাবেলার ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। এরকম ঋণ খেলাপির ঝুঁকি জলবায়ু সমস্যা সমাধান আরও জটিল করে তুলবে। এটি অবশ্যই জলবায়ু কার্যক্রমকে সহায়তা করবে না।'

জাতিসংঘের ইউএনডিপির প্রধান আরও বলেছেন, জলবায়ুর সমস্যার কারণে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক সমস্যা আরও বাড়ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব দেশ ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো যে সহায়তার প্রতিশ্রতি দিয়েছিল সেগুলো তারা পূরণ করেনি। কিন্তু এরমধ্যে ঝড়, বন্যা, খরা এবং তাপপ্রবাহের মতো সমস্যাগুলোর ঝুঁকি বাড়ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উন্নত দেশগুলোর সহায়তা ছাড়া অনুন্নত দেশগুলো জলবায়ু সমস্যার সমাধান করতে পারবে না।

তাছাড়া বৈশ্বিক পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে এবং গ্রিনহাউজ গ্যাসের নির্মগণ মাত্রা কমিয়ে আনতে উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো বার্ষিক যে ১০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রতি দিয়েছিলো, সেটি যদি তারা না রাখে তাহলে এসব দেশ জাতিসংঘের জলবায়ু কার্যক্রম থেকে দূরে সরে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইউএনডিপির প্রধান।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

Link copied!