ইউক্রেনের একটি নৌঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনীয় সেনাবাহিনীকে কৃষ্ণ ও আজভ সাগরে হামলা চালানোর প্রশিক্ষণ দিতে ব্রিটেন থেকে আসা ভাড়াটে সেনাদের অবস্থান ওচাকভ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার।
রুশ সেনাবাহিনীর দাবি, ওচাকভের ইউক্রেনীয় নৌবাহিনীর ঘাঁটিতে রাশিয়ার হামলার মাধ্যমে তাদের নির্মূল করা হয়েছে।রুশ বার্তা সংস্থা তাস নিউজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রুশ নিরাপত্তা সংস্থার একজন প্রতিনিধি সাংবাদিকদের বলেন, সোমবার রাতে, ওচাকভ (নিকোলায়েভ অঞ্চল) এলাকায় ইউক্রেনীয় নৌবাহিনীর ঘাঁটিতে একটি আর্টিলারি স্ট্রাইক চালানো হয়েছিল। ওই এলাকায় ইউক্রেনের ৭৩তম মেরিটাইম বিশেষ অপারেশন সেন্টারের একটি ইউনিট অবস্থিত। হামলায় সেখানকার লাইফ সাপোর্ট সিস্টেম এবং ডক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
রুশ নিরাপত্তা সংস্থার ওই প্রতিনিধি আরও জানান, ‘হামলায় ‘শত্রুদের’ তিনটি অটোমোবাইল যান ধ্বংস হয়েছে। তাদের ১৪ সেনা নিহত ও ৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ভাড়াটে ব্রিটিশ সেনারাও রয়েছে। এসব ব্রিটিশ সেনা সেখানে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন।