এবার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ইমরানের দলের সদস্যরা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ১০:৩৮ পিএম

এবার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ইমরানের দলের সদস্যরা

পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবেন ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের (পিটিআই) সদস্যরা। পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও ইমরান সরকারের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

পদত্যাগের বিষয়ে ফাওয়াদ বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা শাহবাজ শরিফের মনোনয়নপত্র গ্রহণ করায় এ সিদ্ধান্ত আরও জোরালো হয়েছে। কারণ এর আগে তার ব্যাপারে আপত্তি জানিয়েছিল পিটিআই। তবে জাতীয় পরিষদের সচিবালয় সে আপত্তি আমলে না নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছে।”

ফাওয়াদ খান আরও বলেন, “দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইমরান খানকে সুপারিশ করেছেন—পিটিআইকে জাতীয় পরিষদ থেকে শুরু করে সকল প্রতিনিধিত্বের জায়গা থেকে পদত্যাগ করা উচিত।”

এর আগে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে যান ইমরান।

ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শাহবাজ শরিফ জাতীয় পরিষদের সচিবালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইমরান খান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে সোমবার (১১ এপ্রিল)।

Link copied!