এবার জাপানি চলচ্চিত্র নির্মাতাকে কারাদণ্ড দিল মিয়ানমার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ০১:২৫ পিএম

এবার জাপানি চলচ্চিত্র নির্মাতাকে কারাদণ্ড দিল মিয়ানমার

জাপানি তথ্যচিত্র নির্মাতা তোরু কুবোতাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। ওই নির্মাতার বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তিন বছর এবং ইলেকট্রনিক যোগাযোগ আইন লঙ্ঘনের জন্য সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি একযোগে এই সাজা ভোগ করতে সক্ষম হবেন কিনা তা স্পষ্ট নয়।

২৬ বছর বয়সী ওই তথ্যচিত্র নির্মাতার নাম তোরু কুবোতা। তাকে গত জুলাই মাসে মিয়ানমারের ইয়াঙ্গুনে একটি বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তিনি অভিবাসন আইন ভঙ্গ করেছিলেন বলে অভিযোগ করা হয়। এছাড়া ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উত্সাহিত করার অভিযোগও আনা হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে দেশটিতে সামরিক জান্তা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিদ্রোহ দমাতে সামরিক বাহিনী দমন-পীড়ন চালাচ্ছে, বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ গ্রেফতার হয়েছেন এবং হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Link copied!