অক্টোবর ৩১, ২০২২, ০১:১৯ পিএম
আফ্রিকান মিউজিক স্টার ফ্যালি ইপুপার কনসার্টে পদদলিত হয়ে ১১ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও ছিলেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার (৩০ অক্টোবর) ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় এক স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।
৮০ হাজারের বেশি দর্শক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কনসার্টটি উপভোগ করতে। স্টেডিয়ামটির ধারণক্ষমতার চেয়ে দর্শকের উপস্থিতি অনেক বেশি ছিল। ফলে উপচে পড়া ভিড়ের কারণে দর্শকরা স্টেডিয়ামের ভিআইপি এবং সংরক্ষিত আসনের দিকে যেতে বাধ্য হয়েছিলেন।
আফ্রিকান সংগীত তারকা ফলি ইপুপা গান পরিবেশনের সময় তাকে একনজর দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান দুই পুলিশ সদস্য।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য আয়োজক কমিটিকে দোষী সাব্যস্ত করে অভিযোগ করেছে, মুনাফার লোভে অতিরিক্ত টিকিট বিক্রি করেছে তারা।
সূত্র: রয়টার্স।