জুলাই ২৩, ২০২২, ১২:২০ পিএম
ভারতের পশ্চিমবঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক নারীর অভিজাত ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার ফ্লাটে তল্লাশিষ চালিয়ে ওই অর্থ উদ্ধারসহ তাকে আটক করেছে।
ইডির দাবি, অর্পিতা পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী। তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার দক্ষিণ কলকাতার সেই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে স্বর্ণ ও বিদেশি মুদ্রাও।

অভিযানের তালিকায় অর্পিতার ফ্ল্যাট ছিল না বলেই ইডি সূত্রে জানা গিয়েছে। তবে পরবর্তীতে কিছু সূত্র পেয়ে ওই ফ্ল্যাটে হানা দেয় ইডি। প্রেস বিজ্ঞপ্তিতে ইডি জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে তারা মনে করছেন।
কে এই অর্পিতা মুখোপাধ্যায়
ইডির দাবি, অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ঘটনাচক্রে পার্থের বাড়িতে শুক্রবার সকালেই হাজির হন ইডি কর্মকর্তারা। দিনভর চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্ব। দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা শহরের একটি নামী দুর্গাপুজোর সঙ্গে যুক্ত তিনি।

ইডির দাবি, ঘটনাচক্রে, সেই পুজোর সঙ্গে পার্থেরও সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। সেই পুজোর একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন অর্পিতা।
এত টাকা এল কোথা থেকে? ইডি তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে তারা মনে করছেন।

একটি সূত্ত্রের বরাত দিয়ে ভারতীয় আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, টালিগঞ্জের অভিজাত আবাসন এলাকায় বাস করেন অর্পিতা। তিনি আইনি পেশার সঙ্গে যুক্ত। তবে ঠিক কী করেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ইডি।