কৃষ্ণসাগরে রুশ জাহাজে হামলা চালানোর দাবি ইউক্রেনের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২২, ০৩:০৫ পিএম

কৃষ্ণসাগরে রুশ জাহাজে হামলা চালানোর দাবি ইউক্রেনের

কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর আরও একটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, হামলার পর রুশ নৌবাহিনীর রসদবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণ ইউক্রেনের ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাৎচুক বলেন, রুশ নৌবাহিনীর ভেসেভোলদ ববরভ নামের জাহাজটি স্নেক আইল্যান্ডের কাছে অবস্থান করছিল। স্নেক আইল্যান্ডটি রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের সামুদ্রিক জলসীমার কাছে অবস্থিত। ব্রাৎচুক আরও বলেন, ‘আমাদের নৌবাহিনীর নাবিকদের এই কাজের (হামলা) জন্য ধন্যবাদ। হামলায় সহায়ক জাহাজ ভেসেভোলদ ববরভে আগুন ধরে যায়। এটি রুশ নৌবহরের নতুন জাহাজগুলোর একটি।’

ইউক্রেনের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু বলেনি। গত মাসে রুশ বাহিনীর কৃষ্ণসাগর নৌবহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যায়। যুদ্ধজাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইউক্রেন। 

Link copied!