খারাপ আবহাওয়ায় অবতরণ করতে গিয়ে ছিটকে রানওয়ের বাইরে প্লেন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২২, ০৪:৩৫ পিএম

খারাপ আবহাওয়ায় অবতরণ করতে গিয়ে ছিটকে রানওয়ের বাইরে প্লেন

১৭৩ জন আরোহী নিয়ে খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে বাইরে পড়েছে কোরিয়ান এয়ারের একটি ফ্লাইট। রবিবার (২৩ অক্টোবর) রাতে ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ফ্লাইটটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ফিলিপাইনের সেবু যাচ্ছিল। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি এবং সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

সোমবার এক বিবৃতিতে কোরিয়ান এয়ারলাইনটি বলেছে, খারাপ আবহাওয়ার কারণে সিউল থেকে সেবুর উদ্দেশে উড়ে আসা এয়ারবাস এসই এ৩৩০ মডেলের এই ফ্লাইটটি দুইবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয় সময় রাত ১১টার দিকে ফ্লাইটটি তৃতীয় দফায় অবতরণের চেষ্টাকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

ঘটনার কারণ চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে সংস্থাটি বলেছে, ঘটনার পর যাত্রীদের তিনটি স্থানীয় হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। 

এদিকে এই ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দুর্ঘটনাকবলিত বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেখা গেছে। এছাড়া রানওয়ে থেকে ছিটকে পড়ায় ফ্লাইটের নোজ বা সামনের ল্যান্ডিং গিয়ারটি ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে।

সূত্র: রয়টার্স

Link copied!