গণতন্ত্র বাধাগ্রস্ত করায় ৩৯ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২৩, ১১:৪২ পিএম

গণতন্ত্র বাধাগ্রস্ত করায় ৩৯ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় মধ্য আমেরিকার চারটি দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর।

এই চারটি দেশের আরও ৩৯ জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে নতুন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়া ওই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন মতে, এর মধ্যে নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ৬ জনের নাম রয়েছে। এর নিষেধাজ্ঞার তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টও আছেন।

মার্কিন কংগ্রেসে জমা দেয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় এমন কয়েকজন বিদেশি ব্যক্তি রয়েছেন, যারা জেনেশুনে ব্যাপক দুর্নীতি বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির মধ্যদিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত করার কাজে লিপ্ত রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তিরা মার্কিন ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে অযোগ্য। তাদের মধ্যে কারও আগেই মার্কিন ভিসা বা কোনো নথি থাকলেও বাতিল করা হবে।

এর আগে, গত ২৪ মে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে এই নীতি ঘোষণা করা হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই নীতির আওতায় যদি কোনও বাংলাদেশি নাগরিক গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হয়; তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করতে পারবে।

ওইদিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান এবং সাবেক বাংলাদেশি কর্মকর্তা, সরকার-সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা, আইনপ্রয়োগকারী সংস্থা, বিচারবিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যরাও এই ভিসা নীতির আওতায় পড়বেন।

Link copied!