গাজা উপত্যকায় দুদিন ধরে চলমান ইসরায়েলি উড়োজাহাজ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়টি শিশু এবং এক জন নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২৫ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত শুক্রবার (৫ আগস্ট) থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। শনিবার দিনভর হামলায় নতুন করে তিন শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে গত দুই দিনে ইসরায়েলি হামলায় ২৪ জন ফিলিস্তিনি মৃত্যু হলো।
হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হলেও তারা এ দায় অস্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
উল্লেখ্য, শুক্রবার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার দুই পক্ষের মধ্যে প্রবল লড়াই শুরু হয়।