ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে উপত্যকায় নিহতের সংখ্যা বাড়ছে। কয়েক দিনের ভয়াবহ হামলায় আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ৯৭ শতাংশ গাজা থেকে ছোড়া রকেট ভূপাতিত করেছে।
চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ইসলামিক জিহাদ গ্রুপের এক নেতাকে গ্রেপ্তার করা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর থেকেই হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার আশেপাশের সড়কগুলো বন্ধ করে সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।