গোতাবায়া রাজাপক্ষের গ্রেপ্তার দাবিতে সিংগাপুরে অভিযোগ দায়ের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ১০:০৬ পিএম

গোতাবায়া রাজাপক্ষের গ্রেপ্তার দাবিতে সিংগাপুরে অভিযোগ দায়ের

জনবিক্ষোভের মুখে প্রথমে মালদ্বীপ ও পরে সিংগাপুরে পালিয়ে যাওয়া শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের গ্রেপ্তার দাবি করেছে দ্য ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি) নামে একটি অধিকার গ্রুপ। এরই পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে রোববার ফৌজদারি অভিযোগ দায়ের করেছে আইটিজেপি।

সাউথ চায়না মর্নিং পোস্ট ও ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে গৃহযুদ্ধের সময় শ্রীলংকার প্রতিরক্ষা প্রধান থাকাকালে গোতাবায়া রাজাপক্ষে জেনেভা কনভেনশনের আন্তর্জাতিক আইনের বিধিবিধান গুরুতরভাবে লঙ্ঘন করেছিলেন। আর এ কারণে বৈশ্বিক বিচারিক এখতিয়ারের আওতায় সিঙ্গাপুরেই তার বিচার সম্ভব বলে দাবি করেছে অধিকার সংস্থাটি।

অভিযোগটির খসড়া প্রণয়নকারী আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য আলেক্সান্দ্রা লিলি কাথির বরাত দিয়ে সাউথ চায়না মর্র্নিংপোস্টের প্রতিবেদনে বলা হয়, যে ফৌজদারি অভিযোগটি দায়ের করা হয়েছে তা হল উভয় অপরাধের বিষয়ে যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে। এছাড়া প্রমাণের ভিত্তিতে যে ব্যক্তিটি এখন সিঙ্গাপুরে রয়েছে তার সাথে সত্যিই সম্পর্কযুক্ত। সিঙ্গাপুরের সত্যিই এই অভিযোগের ব্যাপারে তার নিজস্ব আইন ও নীতিসহ ক্ষমতার কাছে সত্য কথা বলার অনন্য সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর  সবচেয়ে কষ্টদায়ক অর্থনৈতিক দুরবস্থায় পড়েছে শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসের গঠন করা সরকার পতনের আন্দোলন শুরু হয়। আন্দোলন সহিংসতার পর্যায়ে পৌঁছলে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

কিন্তু আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে থাকেন। গত ৯ জুলাই আন্দোলনকারীরা প্রেসিডেন্টে ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। ওইসময় গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট বাসভবন থেকে পালিয়ে নৌবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নেন। পরে গত ১২ জুলাই শ্রীলংকার একটি সামরিক বিমানে পরিবার নিয়ে মালদ্বীপে পালিয়ে যান তিনি। মালদ্বীপের জনগণ ও দেশটিতে থাকা প্রবাসী শ্রীলংকানরা গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে অবস্থান নিলে তিনি পরে সিংগাপুর চলে যান এবং সেখান থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে রনিলকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানানো হয়। পরে পার্লামেন্টের ভোটে তিনিই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Link copied!