ঘন তুষারপাতে যুক্তরাজ্যে বাতিল শত শত ফ্লাইট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২২, ০৮:১০ পিএম

ঘন তুষারপাতে যুক্তরাজ্যে বাতিল শত শত ফ্লাইট

তুষারপাত ও ঘন কুয়াশার কারণে যুক্তরাজ্যে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের বিমান ভ্রমণের আগে ফ্লাইট স্ট্যাটাস চেক করার আহ্বান জানিয়েছে দেশটি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাটউইক বিমানবন্দরে প্রায় ৯০টি উড্ডয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার বাতিল হয়েছে আরও অন্তত ৩৭টি উড্ডয়ন। লুটন বিমানবন্দরে প্রায় দুই ডজন উড্ডয়ন বাতিল হয়েছে। এছাড়া হিথ্রো বিমানবন্দরে বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট। 

লন্ডন সিটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, অনেক ফ্লাইট বাতিল হওয়ার কারণে এয়ারক্রাফটগুলো এলোমেলোভাবে থাকায় সোমবার সকালে বেশ বিপাকে পড়তে হয়। 

গ্যাটউইক ও স্ট্যানস্টেড বিমানবন্দর রোববার তাদের রানওয়ে বন্ধ করে দেয়। এরপর কিছু বিমান উড়লেও অনেক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। 

এদিকে, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রেল লাইনও। বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলে। বেশ কিছু দুর্ঘটনার পর চালকদেরকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাদের পর্যাপ্ত জ্বালানি, খাবার, গরম কাপড় ও মোবাইলে চার্জ রাখতে বলা হয়েছে। 

Link copied!