চলতি সপ্তাহেই শস্যের প্রথম চালান পাঠানোর আশা ইউক্রেনের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ০৯:৩৬ এএম

চলতি সপ্তাহেই শস্যের প্রথম চালান পাঠানোর আশা ইউক্রেনের

কৃষ্ণসাগরের একটি বন্দর দিয়ে চলতি সপ্তাহেই খাদ্যশস্য রপ্তানির প্রথম চালান পাঠানোর আশা করছে ইউক্রেন। দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে করা চুক্তির আওতায় এ সপ্তাহে চোরনোমরস্ক বন্দর দিয়ে খাদ্যশস্য পাঠানো সম্ভব হবে। আর দুই সপ্তাহের মধ্যে চুক্তিতে থাকা সব বন্দর দিয়ে শস্যের চালান পাঠানো যাবে।

গত শুক্রবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তি হয়। পরদিনই ইউক্রেনের ওদেসা বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরু করা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সংবাদ সম্মেলনে ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ওলেক্সান্দর কুব্রাকভ বলেন, চুক্তিতে শস্য রপ্তানির পরিমাণের বিষয়ে কোনো সীমা বেঁধে দেওয়া নেই। চুক্তিতে সার আমদানি ও রপ্তানির সুযোগ দেওয়ার কথা রয়েছে।

বিশ্বে সবচেয়ে বেশি খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন ও রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। অপর দিকে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদেশগুলো। ফলে বৈশ্বিক খাদ্য সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। 

Link copied!