অক্টোবর ১৯, ২০২২, ০২:৩০ পিএম
চেয়েছিলেন চিকেন বিরিয়ানি, দেয়া হয়েছে অন্য খাবার। এই অভিযোগে তর্ক-বিতর্কের পর যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে অবস্থিত ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল নামের রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দিলো মাতাল এক গ্রাহক। তার দাবি, চিকেন বিরিয়ানি অর্ডার করলেও তাকে দেয়া হয় অন্য খাবার।

চোফেল নরবু (৪৯) নামের এক ব্যক্তি মাতাল অবস্থায় রেস্টুরেন্টটিতে গিয়ে চিকেন বিরিয়ানি অর্ডার করে। তাকে খাবার সার্ভ করা হলে সে চিকেন বিরিয়ানি দেয়া হয়নি অভিযোগ তুলে খাবারটি ওয়েটারের মুখে ছুড়ে মারে।
অভিযুক্ত ওই ব্যক্তি বলেন, ‘আমি একটি গ্যাস ক্যান আনি এবং ওই রেস্টুরেন্টে ছুঁড়ে মারি। পরে আগুন ধরিয়ে দিই। এর পরে সেখানে বিস্ফোরণ হয়। কিছুটা আমার গায়েও লাগে।’
সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। যাতে দেখা যায়, আগুন লাগানোর আগে নরবু ওই রেস্টুরেন্টের বাইরে গ্যাসোলিন ছুড়ে দেয়। রাতে রেস্তোরাঁটি বন্ধ থাকায়, নরবু সেটির শাটারে ছুঁড়ে মারেন এই তরল পদার্থ।

আগুন দেওয়ার কথা স্বীকার করায় অগ্নিসংযোগ ও অপরাধমূলক অপকর্মের অভিযোগ এনে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র: নিউইয়র্ক পোস্ট