নভেম্বর ২৮, ২০২২, ০৯:১৫ এএম
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপ করা কঠোর বিধিনিষেধের কারণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কমিউনিষ্ট পার্টির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে জনগণ।
গতকাল রবিবার রাতে সাংহাইতে তৃতীয় দিনের মতো এই বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এই বিক্ষোভ পরে ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন শহরে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার সকালের দিকে বিক্ষোভকারীরা দুটি দলে বিভক্ত হয়ে রাজধানী বেইজিংয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় বিক্ষোভকারীরা ‘আমরা মাস্ক চাই না। আমরা স্বাধীনতা চাই। আমরা কোভিড পরীক্ষা করতে চাই না। আমরা স্বাধীনতা চাই’নানা স্লোগান দেন।

মধ্য চীনের অন্যতম বৃহৎ, জনবহুল ও অর্থনৈতিকভাবে উৎপাদনশীল অঞ্চল সাংহাইয়ে চলমান এই বিক্ষোভে আন্দোলনকারীরা ‘শি জিনপিং সরে দাঁড়ান’ ‘কমিউনিস্ট পার্টি সরে দাঁড়াও’ বলে স্লোগান দেয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং এবং কমিউনিস্ট পার্টির পদত্যাগ চেয়ে সাংহাই শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাদের অনেককে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে।

বিক্ষোভকারীদের অনেকের হাতে ফাঁকা সাদা ব্যানার ছিল। অনেকেই আবার মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে উরুমছি শহরে নিহতদের শ্রদ্ধা জানিয়েছে।
সম্প্রতি উরুমছি শহরে একটি ভবনে আগুন লেগে ১০ জন নিহত হয়। বিক্ষোভকারীরা ভবনে আটকে পড়াদের উদ্ধার করতে না পারার জন্য কোভিড বিধিনিষেধকে দায়ী করছেন।

সমাজতান্ত্রিক দেশ চীনে সরকার ও প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে পদত্যাগের দাবিতে গণমানুষের এমন বিক্ষোভ বিরল ঘটনা। কারণ, দেশটির আইন অনুসারে, সরকার নিয়ে সরাসরি কোনো সমালোচনার ফল হতে পারে কঠোর শাস্তি।