জি-২০ সম্মেলন উপলক্ষে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা জড়ো হয়েছেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে বৈঠকের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তুমুল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা গেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে।
দুই নেতার মধ্যে বাক্যবিনিময়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্প্রতি যে কথাবার্তা হয়েছে, তা ‘ফাঁস’ হয়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করছেন জিনপিং। তাঁকে বলতে শোনা যায়, ‘‘এটা ঠিক হয়নি। আমাদের মধ্যে নিশ্চয়ই এ রকম কথা হয়নি!’’
চীনের প্রেসিডেন্টের এই কথার প্রেক্ষিতে ট্রুডোকে বলতে শোনা যায়, ‘‘কানাডায় আমরা বাক্স্বাধীনতা, মুক্ত আলোচনায় বিশ্বাস করি। আমরা এভাবেই চালিয়ে যাব। আমরা নিশ্চয়ই একসঙ্গে কাজ করব। কিন্তু কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য থাকবেই।’’
আন্তর্জাতিক বেশকিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, মিনিট দশেকের ওই আলোচনায় ঘরোয়া বিষয়ে চীনের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রেসিডেন্ট। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান, উত্তর কোরিয়ার বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে।