জ্বালানি তেল সঙ্কট: শ্রীলংকায় ৫০ পেট্রল পাম্প খুলছে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ১২:১০ এএম

জ্বালানি তেল সঙ্কট: শ্রীলংকায় ৫০ পেট্রল পাম্প খুলছে ভারত

প্রতিবেশি দেশ শ্রীলংকার জ্বালানি তেলের সঙ্কট মোকাবলায় দেশটিতে পেট্রল  পাম্প খুলতে যাচ্ছে ভারত। দেশটির লংকা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন(এলআইওসি) এই পেট্রল পাম্প খুলবে। এরই মধ্যে এলআইওসিকে নতুন ৫০টি নতুন পেট্রল পাম্প খোলার অনুমোদন দিয়েছে শ্রীলংকান সরকার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলংকার চলমান তীব্র জ্বালানি সংকট হ্রাস করার চেষ্টার অংশ হিসেবে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে এলআইওসি এক কর্মকর্তা জানিয়েছেন।

ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীনস্ত এবং কলম্বো স্টক এক্সচেঞ্জে তালিকভুক্ত প্রতিষ্ঠান এলআইওসি কোম্পানি শ্রীলংকায় জ্বালানি সরবরাহে অাধিপত্য বিস্তার করে আছে বেশ কয়েক বছর ধরে। 

কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মনোজ গুপ্তা রয়টার্সকে জানিয়েছেন, ইতোমধ্যে দ্বীপ দেশটিতে এলআইওসি ২১৬টি পেট্রল পাম্প আছে আর নতুন পাম্পগুলো স্থাপনে তারা আরও দুই শত কোটি রুপি (৫৫ লাখ ডলার) বিনিয়োগ করবে।

স্বাধীনতার পর এই প্রথম বার সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলংকা। বিদেশি মুদ্রার অভাবে খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না দেশটি।

শ্রীলঙ্কার বৃহত্তম খুচরা জ্বালানি বিক্রেতা রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রলিয়াম কর্পোরেশন (সিপিসি) দেশজুড়ে প্রায় ১১৯০টি পেট্রল পাম্প পরিচালনা করে।

ডলারের অভাবে শ্রীলঙ্কা যখন সরবরাকৃত জ্বালানির মূল্য পরিশোধ করতে যখন পারছিল না, ক্রেতারা পেট্রল পাম্পগুলোতে পড়া লম্বা লাইনে অপেক্ষা করতে বাধ্য হচ্ছিল ওই সময় সিপিসিতে সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নিয়েছিল এলআইওসি।

৫০টি নতুন পেট্রল পাম্প খোলার পাশাপাশি ডিসেম্বরে সই হওয়া এক সমঝোতার আওতায় শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় বন্দর ত্রিনকোমালির কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্টোরেজ ফ্যাসালিটির ৭৫টি অয়েল ট্যাংকের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে এলআইওসি।

প্রসঙ্গত, চলতি বছর দক্ষিণাঞ্চলীয় এই প্রতিবেশী দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে প্রায় চারশো কোটি মার্কিন ডলার দিয়েছে ভারত। জ্বালানি, খাদ্য ও সার কিনতে অদলবদল ও একাধিক ক্রেডিট লাইনও এর মধ্যে আছে।

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর কাছ থেকে তিন বিলিয়ন ডলারের একটি বেইলআউট প্যাকেজের জন্য আলোচনা করছে শ্রীলংকা, এর পাশাপাশি চীন ও জাপানের কাছেও সহযোগিতা চেয়েছে দেশটি।

Link copied!