ট্যালকম পাউডারের বিক্রি বন্ধ করছে জনসন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২২, ০১:৫৪ পিএম

ট্যালকম পাউডারের বিক্রি বন্ধ করছে জনসন

স্বাস্থ্যঝুঁকি নিয়ে তথ্য ছড়িয়ে পড়া এবং বিভিন্ন মামলার মুখোমুখি হওয়ার পর এবার বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের শিশুদের জন্য তৈরি ট্যালকম পাউডার। ২০২৩ সাল থেকে এই পাউডার আর বাজারে পাওয়া যাবে না।

শুক্রবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়, উৎপাদক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় আগেই বন্ধ হয়েছে এই পণ্য বিক্রি।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে হাজার হাজার নারীর মামলা চলছে জনসনের বিরুদ্ধে। তাদের অভিযোগ,যে পাউডারকে তারা শিশুর জন্য ভালো মনে করতেন, অ্যাজবেস্টসের মত ক্ষতিকর উপাদান থাকায় তা ডিম্বাশ্বয়ের ক্যান্সারের কারণ হচ্ছে।

জনসন অ্যান্ড জনসন অবশ্য আগের মতই দাবি করেছে,বহু বছরের স্বাধীন গবেষণায় তাদের পণ্য ‘পুরোপুরি নিরাপদ’ বলেই বিবেচিত হয়েছে।

এক বিবৃতিতে এ কোম্পানি বলেছে,তাদের যেসব কারখানায় ট্যালকম পাউডার উৎপাদন হত, আগামীতে সেখানে তৈরি হবে কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার। এটা তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত এবং ইতোমধ্যে বিভিন্ন দেশে তাদের কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার বিক্রিও হচ্ছে।

জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডার ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনায় এক মামলার রায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত ২০১৮ সালের জুলাই মাসে ২২ জন নারীকে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত ওই নারীরা মামলায় অভিযোগ করেন, কয়েক দশক ধরে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ও অন্যান্য পণ্য ব্যবহার করায় তারা এ রোগে আক্রান্ত হয়েছেন।

অভিযোগকারী ২২ নারীর মধ্যে ছয় জন ক্যান্সারে ভুগেই মারা যান।

Link copied!