রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২১, ০৩:০৯ পিএম

রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান

আফগানিস্তানের বিদ্রোহী উগ্র মৌলবাদী গোষ্ঠী তালেবান যোদ্ধারা চারদিক থেকে রাজধানী কাবুলে প্রবেশ করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তালেবানের হাতে কাবুলের পতন হতে পারে যে কেনো সময়। পরিস্থিতি বিবেচনায় আমেরিকা তাদের দূতাবাস থেকে কর্মীদের বের করে নিতে সামরিক হেলিকপ্টার পাঠিয়েছে। বিবিসি ও রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।

শিগগিরই পদত্যাগ করে প্রেসিডেন্ট আশরাফ গনি পরিবারসহ অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারে বলে খবর দিয়েছে ভারতীয় চ্যানেল সিএনএন১৮। এরমধ্যেই প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন বলেও জানাচ্ছে কিছু মিডিয়া।

ওই চ্যানেলের খবরে বলা হয়, শনিবার (১৪ আগস্ট) টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের আগে যখন ভাষণ রেকর্ড করা হচ্ছিলো তখনও তাকে পদত্যাগ করতে বলা হয় তালেবানের পক্ষ থেকে। কিন্তু তখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। তবে শিগগিরই পদত্যাগ করে পরিবারসহ তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন।

মাত্র তিন দিন আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেওয়ার পর পরিবার নিয়ে দেশ ত্যাগ করেন আফগান এই মন্ত্রী। তবে আফগানিস্তানের সাবেক এই অর্থমন্ত্রী কোন দেশে গেছেন সেটা জানা যায়নি। 

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রবিবার এক বিবৃতিতে বলেছেন, কাবুল যেন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, সেজন্য আফগান সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে।

“শান্তিপূর্ণ ও সন্তোষজনক ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যতক্ষণ না ঐকমত্য হচ্ছে, আমাদের যোদ্ধারা কাবুলের সব প্রবেশ পথে পাহারায় থাকবে।”

শনিবার এক প্রকার বিনা বাধায় আফগানিস্তানের অন্যতম  প্রদেশ নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ দখল করে নেয় সশস্র তালেবান গোষ্ঠী। দেশটির গভর্নর তালেবান যোদ্ধাদের হাতে আত্মসমর্পণ করে। এই প্রদেশ দখলের পরই অপ্রতিরোধ্য গতিতে রাজধানী কাবুলের  দিকে আসতে থাকে তালেবান যোদ্ধারা। স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থান নিয়ে চারদিক থেকে রাজধানী কাবুল অবরুদ্ধ করে ফেলে তারা। রবিবার সকালে চারদিক থেকে তালেবানরা রাজধানী কাবুলে ঢুকতে শুরু করে।

স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়, তালেবান দ্রুত সাফল্য দেখিয়ে প্রমাণ করেছে তারা জনপ্রিয় এবং আফগান জনগণ তাদের গ্রহণ করেছে।

বিবৃতিতে তাদের অধীনে আফগান ও বিদেশি নাগরিকরা নিরাপদে থাকবে বলে ফের নিশ্চয়তা দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। বিদেশি কূটনীতিক ও ত্রাণ সংস্থার কর্মীরা কোনো সমস্যার মুখোমুখি হবেন না বলেও তালেবানের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়।

স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যার আগেই জালালাবাদের দখল পুরোপুরিভাবে তালেবানের হাতে চলে যায়৷ দেশের বড় শহরের মধ্যে একমাত্র রাজধানী কাবুলই এখন পর্যন্ত আফগান সরকারের নিয়ন্ত্রণ রয়েছে৷ ইতিমধ্যেই মাজার-ই-শরিফের দখল নিয়েছে তালেবানরা। পশ্চিমাঞ্চলীয় এক প্রশানসিক কর্তা জানিয়েছেন, রাজধানীর বাইরে সর্বশেষ প্রধান শহরের পতন হয়েছে৷

তালেবান যোদ্ধারা অনেকটা বিনা বাধায় জয় করে নেয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ। এই প্রদেশের পার্লামেন্ট সদস্য আবরারুল্লাহ মুরাদ বার্তা সংস্থা এপি’কে বলেন, প্রবীণরা জালালাবাদে সরকারের পতন নিয়ে সমঝোতা করার পর তালেবানদের হাতে এর নিয়ন্ত্রণ চলে যায়। এই শহরের আরেকজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তালেবানদের কাছে গভর্নর নিজেকেই আত্মসমর্পণ করেছেন । তাই সেখানে কোনোই সংঘর্ষ হয়নি। ওই কর্মকর্তা আরো বলেন, বেসামরিক জনগণের জীবন রক্ষার একমাত্র উপায় ছিল আপসে তালেবানদের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া। গভর্নর তাই করেছেন।

এর আগে শনিবার (১৪ আগস্ট) কান্দাহারের প্রধান রেডিও স্টেশনটিও তালেবান দখল করে নেয়৷ সেই রেডিও স্টেশনের নামকরণ করা হয় ‘ভয়েস অব শরিয়া’৷ অর্থাৎ এবার থেকে ইসলামী আইন মেনে ওই রেডিও স্টেশনে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। তালেবানদের এক নেতা এপ্রসঙ্গে জানায়, এখন থেকে রেডিও স্টেশনে সংবাদ সম্প্রচারের পাশাপাশি কোরআনের বক্তব্যগুলি প্রচার করা হবে৷ এই রেডিও স্টেশনে গান-বাজনার অনুষ্ঠান আর চলবে না৷

Link copied!