দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৩, ২০২২, ০২:৩৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে নিজ দোকানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো শহরে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আফসার (৪০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

রোববার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ।

চেয়ারম্যান বলেন, ১৬ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আফসার। সেখানে বিয়ে করে পারিবারিক জীবন শুরু করেন। ২ সন্তানের জনক আফসার প্রতিদিনের মতো নিজের দোকানে ব্যস্ত ছিলেন। দক্ষিণ আফ্রিকা সময় রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী তার দোকানের সামনে এসে অবস্থান নেয়। একপর্যায়ে দোকানের ভিতরেই আফসারকে সন্ত্রাসীরা গুলি করে দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান মালামাল নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।    

নিহতের ছোট কাকা মো. ইউসুফ বলেন, আফসারের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!