দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ১১:৫২ এএম

দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

নতুন একটি দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।

কেসিএনএ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) উড়ে গিয়ে লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। এগুলো জাপানের ক্ষেপণাস্ত্রগুলোর চেয়েও অনেক বেশি শক্তিশালী। 

উত্তর কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনি ও রবিবার পরীক্ষা পরিচালিত হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার জলসীমার মধ্যেই পড়েছে বলে জানিয়েছে তারা। ।      

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পন্ন এ ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা আরও জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিয়েছে; উত্তর কোরিয়া তা মেনেই এই পরীক্ষা চালিয়েছে।

সাধারণত উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র কম আগ্রহ তৈরি করে, কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনে এগুলো স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি। 

অর্থনৈতিক ও খাদ্য সংকট পরিস্থিতিতেও উত্তর কোরিয়া অস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ব্যাপারে এগিয়ে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কেসিএনএ বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ কৌশলগত অস্ত্র’।

ক্রুজ ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য ছোট ওয়ারহেড নির্মাণে প্রয়োজনীয় প্রযুক্তি উত্তর কোরিয়া আয়ত্ত করেছে কিনা তা পরিষ্কার হওয়া যায়নি, কিন্তু ছোট বোমা উৎপাদন তাদের অন্যতম প্রধান লক্ষ্য বলে চলতি বছরের প্রথমদিকে বলেছিলেন দেশটির নেতা কিম জং উন।

দুই কোরিয়া পাল্লা দিয়ে অস্ত্র বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে এবং এতে অঞ্চলটি শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্রে ভরে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

উত্তর কোরিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তারা শনাক্ত করেছে কিনা তা প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়া, কিন্তু সোমবার বলেছে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা একটি বিশদ বিশ্লেষণ পরিচালনা করছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বলেছে, এর মধ্য দিয়ে এ বিষয় সামনে আসে যে তারা সামরিক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া এখনো তার প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র রোডং সিনমুন নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটির উড়ে যাওয়ার ও একটি ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চার থেকে এটির উৎক্ষেপণের ছবি প্রকাশ করেছে।

Link copied!