দুই সপ্তাহের মধ্যে শেষ হবে রিজার্ভ সেনা সমাবেশ: পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ০৩:৫৯ পিএম

দুই সপ্তাহের মধ্যে শেষ হবে রিজার্ভ সেনা সমাবেশ: পুতিন

আর দুই সপ্তাহের মধ্যে রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে সেনা সমাবেশের পক্ষে যুক্তি দিয়ে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “ইউক্রেইনে যুদ্ধক্ষেত্র এত বড় যে কেবল চুক্তিভিত্তিক সেনাদের দিয়ে প্রতিরক্ষা সম্ভব হচ্ছে না।”

গত সপ্তাহে রাশিয়া ইউক্রেইনজুড়ে তুমুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ‘আপাতত এখন’ আর এ ধরনের হামলার পরিকল্পনা নেই বলে গতকাল শুক্রবার জানিয়েছেন পুতিন।

প্রসঙ্গত, তিন সপ্তাহ আগে রিজার্ভ সেনাদের সমাবেশের নির্দেশ দিয়েছিলেন পুতিন। ইউক্রেইনে যুদ্ধক্ষেত্রের বেশকিছু এলাকা থেকে রুশ সেনাদের পিছু হটার পরিস্থিতিতে তিনি এ নির্দেশ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

 

ইউক্রেইনের যে ৪ অঞ্চলের সিংহভাগ রাশিয়া ও তার ইউক্রেইনীয় মিত্রদের দখলে আছে তা ভূখণ্ডভুক্ত করে নেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন। প্রয়োজনে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও ভূখণ্ডের সুরক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট।

Link copied!