সোমবার নির্বাচন করা হবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০২:৪০ পিএম

সোমবার নির্বাচন করা হবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারাবার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাতে অনাস্থা ভোটের পর পার্লামেন্টে সভাপতির দায়িত্ব পালন করা পাকিস্তান মুসলিম লীগ-(এন) এর নেতা আয়াজ সাদিক রবিবার ( ১০ এপ্রিল) দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে নামের তালিকা জমা দিতে আহবান জানান। বিকাল ৩টা পর্যন্ত নামের তালিকা নিয়ে যাচাই-বাছাই শেষে সোমবার দুপুর ২টায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবে পাকিস্তানের পার্লামেন্ট। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত পার্লামেন্টে নির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন।

ওদিকে,৩৪২ সদস্যের পার্লামেন্টে ইমরানের তেহরিক-ই-ইনসাফ পার্টির বেশিরভাগ সদস্য ভোটাভুটির দিন অনুপস্থিত ছিলেন। অধিবেশনে যাননি ইমরান খানও। পাকিস্তান মুসলিম লীগ-এন এর নেতা শাহবাজ শরীফের নেতৃত্বে ভোটে বিরোধিরা প্রয়োজনীয় ১৭২টির থেকেও ২টি ভোট বেশি পায়। প্রধানমন্ত্রী অপসারণের জন্য বিরোধিরা প্রয়োজনীয় সংখ্যাক ভোট পাওয়ায় প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ভোট হওয়ার আগে পদত্যাগ করেন পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার এবং ডেপুটি স্পিকার কাশের সুরি।

৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টে উত্থাপিত অনাস্থা ভোটকে অসাংবিধানিক ব্যাখ্যা দিয়ে ৩ এপ্রিলের অধিবেশনে বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাশেম সুরি। তবে গত ৭ এপ্রিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট কাশের সুরির ওই রুলিংকে অবৈধ উল্লেখ করে অনাস্থা ভোট আয়োজনে স্পিকারকে নির্দেশ দিয়েছিলেন।  

আরও  পড়তে পারেন-অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান

 

Link copied!