সংগৃহীত ছবি
প্রায় ১১১ বছর আগে হিমশৈলে ধাক্কা লেগে ডুবে যাওয়া ‘টাইটানিক’ জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে টাইটান নামের একটি সাবমেরিন। গত রবিবার উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পর নিখোঁজ হয়ে যাওয়া ওই সাবমেরিনটিতে পাঁচ ক্রু রয়েছেন। এদের একজন আবার এই সাবমেরিন পরিচালনাকারী কোম্পানির প্রতিষ্ঠাতা। সাবমেরিনে আরও রয়েছেন- একজন ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রিক, পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ ও তার কিশোর ছেলে এবং এক ফরাসি সমুদ্র বিশেষজ্ঞ।
স্টক্টন রাশ
ওশেনগেট এক্সপেডিশন্স নামের কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টক্টন রাশ। নিখোঁজ সাবমেরিনটি এই কোম্পানি পরিচালনা করছে। নিখোঁজ হওয়া টাইটান সাবমেরিনটির পাইলট তিনি নিজেই।
১৯৮৪ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মহাকাশ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনকারী স্টক্টন রাশ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষরকারী বেঞ্জামিন রাশ ও রিচার্ড স্টক্টনের বংশধর।
২০০৯ সালে সিয়াটলের কাছে এভারেট নামক স্থানে বেসরকারি কোম্পানি ওশেনগেট প্রতিষ্ঠা করেন।
হামিশ হার্ডিংস
ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রিক হামিশ হাডিংস। এক ডুবে সমুদ্রের সবচেয়ে গভীর অংশে দীর্ঘ সময় অবস্থান করাসহ একাধিক গিনেজ বিশ্বরেকর্ড রয়েছে তার দখলে। উড়োজাহাজে করে দ্রুততম সময়ে পৃথিবী প্রদক্ষিণের রেকর্ডও হার্ডিংসের দখলে রয়েছে।
যাত্রা শুরুর আগে শনিবার তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ঘোষণা দিয়েছিলেন, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ওশেনগেট অভিযানে যোগদান করতে পেরে তিনি গর্বিত।
অ্যাকশন অ্যাভিয়েশনের চেয়ারম্যান হলেন ৫৮ বছর বয়সী এই অভিযাত্রীক। দুবাইভিত্তিক এই কোম্পানিটি ক্রয় ও মহাকাশ অভিযান পরিচালনা করে। এর আগে তিনি জেফ বেজোসের ব্লু অরিজিন রকেট কোম্পানি মহাকাশ অভিযানে ছিলেন।
পল-হেনরি নারজিওলেট
টাইটানিকের ধ্বংসাবশেষে ৩৫ বারের বেশি ডুব দিয়েছেন ফরাসি সমুদ্র বিশেষজ্ঞ পল হেনরি নারজিওলেট। তার এজেন্ট ম্যাথিউ জোহান নিখোঁজ টাইটানে নারজিওলেটের থাকার কথা নিশ্চিত করেছেন।
আরএমএস টাইটানিক কোম্পানির সমুদ্রের তলদেশ গবেষণা প্রধান। এটি একটি মার্কিন কোম্পানি। টাইটানিক থেকে উদ্ধার করা বিভিন্ন বস্তুর প্রদর্শনী আয়োজন করেছে। ১৯৮৭ থেকে ২০১০ সাল পর্যন্ত কোম্পানিটি আটটি গবেষণা ও উদ্ধার প্রদর্শনী করেছে।
শাহজাদা দাউদ ও সুলেমান দাউদ
সাবমেরিনে রয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান (১৯)। শাহাজাদা দাউদ এনগ্রো করপোরেশনের ভাইস-চেয়ারম্যান। পাকিস্তানের অন্যতম ধনী পরিবারের সন্তান শাহজাদা দাউদের পোশাক ও সার উৎপাদন কোম্পানি রয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দাউদ ও তার ছেলের জন্য প্রার্থণার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে তার কোম্পানি।