যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এ-সংক্রান্ত বিলের ওপর রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়। বিলটির পক্ষে ৩১৪ ভোট পড়ে, বিপক্ষে ১১৭ ভোট।
মার্কিন পার্লামেন্টের সিনেটে এবার বিলটি পাস হওয়ার অপেক্ষা। আর তা না হলে সরকারকে দেউলিয়া ঘোষণা করতে হবে ক্ষমতাধর দেশটির।
বিল পাসের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ ও অর্থনীতির জন্য এটি সুখবর। যত দ্রুত সম্ভব সিনেটকে বিলটি পাস করার আহ্বান জানাচ্ছি।’
প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ঋণ সীমা স্থগিত থাকবে। আগামী দুই বছরের বাজেটে ব্যয় কমানো, কোভিড তহবিলে থাকা অব্যবহৃত অর্থ অন্য খাতে ব্যবহার, জ্বালানিখাতে ব্যয় বৃদ্ধি এবং দরিদ্রদের জন্য খাদ্য সহায়তার বিষয়ে বলা হয়েছে বিলটিতে।
ঋণসীমা বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনে অচলাবস্থা চলছিল। দফায় দফায় আলোচনার পর গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি সমঝোতার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলো।