ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান ইভান বাকানোভ এবং প্রসিকিউটর জেনারেল ইরাইনা ভেনেদিক্তোভাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতাধর সংস্থা দু’টিতে বিশ্বাসঘাতকতার বহু ঘটনার কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন তিনি।
জেলেনস্কি জানান, ৬০ জনের বেশি সাবেক কর্মী এখন রাশিয়ার দখলকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। তিনি আরও জানান আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি সহযোগিতা ও বিশ্বাসঘাতকতার মামলা শুরু করা হয়েছে।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা এখন পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিষয়ে কোনও মন্তব্য করেননি। বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান প্রেসিডেন্ট জেলেনস্কির ছোটবেলার বন্ধু। এর আগে ক্রিমিয়ায় এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেফতার করা হয়। তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে।