পাকিস্তানে পুলিশ দপ্তরে জোড়া বিস্ফোরণ, পুলিশ কর্মকর্তকাসহ নিহত ১২

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৩, ০৯:২৪ এএম

পাকিস্তানে পুলিশ দপ্তরে জোড়া বিস্ফোরণ, পুলিশ কর্মকর্তকাসহ নিহত ১২

পাকিস্তানে একটি পুলিশ দফতরে ভয়াবহ জোড়া বোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পুলিশের সন্ত্রাস-দমন শাখার একটি কার্যালয়ে ওই বিস্ফোরণ ঘটে।

হতাহতদের বেশিরভাগই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্য বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ।  তবে বিস্ফোরণে এক নারী ও তার শিশু সন্তানও মারা গেছেন। বিস্ফোরণের সময় তারা ওই ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।

সোয়াত উপত্যকার কাবাল পুলিশ দপ্তরে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী বোমা হামলা, নাকি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে রাখা কোনো বিস্ফোরক দ্রব্য থেকে ঘটেছে, তা নিয়ে পুলিশ কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

প্রাদেশিক পুলিশের প্রধান আখতার হায়াত বলেছেন,ওই ভবনের বেসমেন্টে পুরোনো কিছু বিস্ফোরক দ্রব্য ছিল। সেখান থেকেও বিস্ফোরণ ঘটতে পারে। আবার এটি কোনো সন্ত্রাসী হামলাও হতে পারে।

আহত পুলিশ কর্মকর্তাদের একজন ইমদাদ খান পাকিস্তানের গণমাধ্যম দ্যা ডনকে জানান, এ ঘটনায় তিনটি ভবন ধসে পড়েছে। এরপর সেখানে আগুন ধরে যায়। ঘটনার সময় কয়েকজন সহকর্মীর সঙ্গে রান্না ঘরে ছিলেন জানিয়ে ইমদাদ বলেন, তিনি দুটো বিস্ফোরণের শব্দ শুনেছেন।

প্রাদেশিক পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধার করে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। আশপাশের অন্যান্য হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে প্রাদেশিক সরকার।

জোড়া বিস্ফোরণে হতাহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান আলাদাভাবে নিন্দা ও শোক জানিয়েছেন।

Link copied!