পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে, ক্ষতিগ্রস্ত ৩ কোটি মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২২, ০৯:৩৬ এএম

পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে, ক্ষতিগ্রস্ত ৩ কোটি মানুষ

ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান। রাস্তা, বাড়িঘর এবং ফসল ভেসে গেছে। পুরো পাকিস্তানজুড়ে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১১শ। গৃহহীন হয়েছেন প্রায় সাড়ে তিন কোটি। দেশটিতে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কায় দেশি ও বিদেশি সংস্থাগুলোর কাছে ত্রাণ সহায়তা চেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শেরি রেহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। আমাদের অতীতের প্রতিটি সীমা, প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা। আমরা আগে এমন কিছু দেখিনি।

নজিরবিহীন এ বন্যায় বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে দেশটির অধিকাংশ নদ-নদীর পানি। এতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক; ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট ও সেতু। ফলে এক প্রকার ভেঙে পড়েছে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ডুবে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে পাকিস্তানজুড়ে এখন কেবলই হাহাকার। দেখা দিয়েছে খাদ্য ও পানির মারাত্মক সংকট।

সোমবারও, সিন্ধ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিন করাচি ও চারসাদ্দা জেলার আশ্রয়কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি। এসময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি তাদের খোঁজ খবর নেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশও দেন শাহবাজ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, তিন কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি নাগরিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার।

Link copied!