পাকিস্তানের প্রাদেশিক হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি গুলিতে নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ০২:১৭ পিএম

পাকিস্তানের প্রাদেশিক হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি গুলিতে নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেসকানজাই বন্দুক হামলায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের প্রতিবেদেনে বলা হয়, বাড়ির পাশের একটি মসজিদে এশার নামাজ পড়ার সময় মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়। বন্দুক হামলায় নূর মেসকানজাইয়ের মুমতাজ নামে তার এক আত্মীয় আহত হয়েছেন।

ডনের প্রতিবেদনে আরও বলা হয়, মেসকানজাই বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ২০১৪ সালে তিনি ওই আদালতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

বেলচিস্তান প্রাদেশিক পুলিশের ডিআইজি নাজির আহমেদ কুর্দ জানান, সাবেক প্রধান বিচারপতি নূর মেসকানজাই খারানের গাজাই এলাকায় তার বাসভবনের কাছের একটি মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খারানের একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর বেলুচিস্তানের খারানে জন্মগ্রহণ করেন নূর মেসকানজাই ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৮ সালের ৩১ আগস্ট অবসর গ্রহণ করেন নূর মেসকানজাই। পরে তিনি ফেডারেল শরীয়ত কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ পান।

Link copied!