মুষলধারে বৃষ্টি ও বন্যায় এক তৃতীয়াংশ নিমজ্জিত পাকিস্তানে প্রাণহানি এক হাজার ১০০ ছাড়িয়ে গেছে; মৃতদের মধ্যে ৩৮০টি শিশুও আছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
চলমান বন্যা পরিস্থিতিকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
দেশটির ৩ কোটি ৩০ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো এবং ফসল।
গতকাল এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতিতে সরকারের ত্রাণ ও পুনর্বাসনপ্রচেষ্টা নিয়ে কথা বলেন শাহবাজ শরিফ। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো সংস্কার এবং ভুক্তভোগীদের সহায়তার জন্য কমপক্ষে এক হাজার কোটি ডলার পরিমাণ অর্থ প্রয়োজন। এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি গভীরভাবে প্রতিজ্ঞা করছি, খুব স্বচ্ছভাবে প্রতিটি পয়সা খরচ করা হবে। প্রতিটি পয়সা অসহায়দের কাছে পৌঁছানো হবে।’
এদিকে গতকাল এক ভিডিও বার্তায় বন্যাদুর্গত পাকিস্তানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৬ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এ অর্থ দিয়ে ৫২ লাখ বন্যার্ত মানুষকে খাদ্য, পানি, স্যানিটেশন, জরুরি শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা দেওয়া যাবে।