ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের ড্রাগ টেস্টের ফল নেগেটিভ এসেছে। সম্প্রতি এক পার্টিতে তার নাচের ভিডিও ভাইরাল হয়। এরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীদের তোপের মুখে ৩৬ বছর বয়সী সানা গত শুক্রবার ড্রাগ টেস্ট করেছিলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সানা তাঁর ফিনিশ পপস্টারসহ বন্ধুদের সাথে পার্টি করছেন। তবে সানা মারিনের দাবি ছিল, তিনি কখনও মাদক গ্রহণ ও পার্টিতে বেআইনি কিছু করেননি।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ট্রাগ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এই টেস্টের খবর প্রধানমন্ত্রী নিজের খরচে করেছেন। বার্তা সংস্থা এএফপিকে সানা মারিনের বিশেষ উপদেষ্টা আইডা ভ্যালিন বলেন, মারিনের প্রস্রাবের নমুনায় কোকেন, অ্যামফিটামিন, গাঁজা এবং ওপিওড আছে কিনা তা পরীক্ষা করা হয়।
একজন চিকিৎসক এতে স্বাক্ষর করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
সানা মারিন ২০১৯ সালের ডিসেম্বর থেকে ফিনল্যান্ডের ক্ষমতায় রয়েছেন। বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান হিসেবে তিনি রেকর্ড গড়েছেন।