যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যর ফিলাডেফিয়া শহরে গোলাগুলিতে আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে কেনসিংটন এবং অ্যালেগেনি এলাকায় এই ঘটনা ঘটে।
আজ রোববার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস অনুমোদিত একটি নিউজ চ্যানেল জানিয়েছে, অন্তত ১০ জনকে গুলি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় আহতদের অনেকের আঘাত বেশ গুরুতর এবং তাদের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলায় আহত ভুক্তভোগীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
ঘটনাস্থলে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে কী কারণে গোলাগুলি হলো জানায়নি স্থানীয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সাড়া পাওয়া যায়নি ফিলাডেলফিয়ার পুলিশের।
সূত্র: রয়টার্স।